আইসিটি কর্মচারী ও পরিবারের সদস্যদের ফ্রিল্যান্সিং শেখাচ্ছে পিপলএনটেক

১৮ জানুয়ারি, ২০২৪ ১৯:১৯  

প্রচলিত প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনে বৃহস্পতিবার থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে শুরু করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কক্ষে ৩০ জনের একেকটি ব্যাচে আগ্রহীদের এই প্রশিক্ষণ দিচ্ছে স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি।

আইসিটি অধিপ্তরের অর্থায়ন ও তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাথে ভবিষ্যতে পিপলএনটেকের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন আইসিটি সচিব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-সচিব মোঃ মনির হোসেন, উপ- পরিচালক নিলুফা ইয়াসমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দিদারুল কাদির, প্রোগামার হারুন অর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অব আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, মানবসম্পদ ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা, পিপলএনটেকের প্রকল্প ব্যবস্থাপক সেলিম রেজা প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ২৩ অক্টোবর এই প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাথে আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেসময় সরকারের অর্থায়নে সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের স্বচ্ছলতা আনয়েনের আশায় তাদের আগ্রহের সফট স্কিল অর্জনের দায়িত্ব দেয়া হয় ২০০৫ সালে যাত্রা শুরু করা শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্টে মুন্সিয়ানা অর্জনকারী পিপলএনটেক।